বিএনপি কর্মী হত্যা: কারাগারে সাবেক ইসি সচিব হেলালুদ্দীন

অনলাইন ডেস্ক

বিএনপির কর্মী মকবুলকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় গত ২৫ অক্টোবর হেলালুদ্দীন আহমদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মহানগরের খুলশী থানার তুলাতলী এলাকা থেকে হেলালুদ্দীন আহমদকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান ও ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায় তারা।

এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights