বিএমইউতে রোগীদের সুবিধার্থে ৮ ও ১১ জুন বহির্বিভাগ খোলা থাকবে

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে পবিত্র ঈদুল আজহার ছুটিতে আগামীকাল ৮ ও ১১ জুন খোলা থাকবে। এ ছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন জানিয়েছেন, চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক সদস্য সেবা দিচ্ছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

অন্যদিকে বিএমইউ সূত্র জানায়, বিএমইউতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ১৪ জুন।

সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং এই দিনই বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ও হাসপাতাল খোলা থাকবে। ঈদ পুনর্মিলনীতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশ নেবেন।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের জামাত আজ সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য বিএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, উপাচার্যের সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, উপ-রেজিস্ট্রার-১ ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, বিএমইউ ডক্টরস হলের ইমাম হাফেজ মাওলানা আইয়ুব আলী প্রমুখসহ বিএমইউ’র শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা, বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত রোগী ও আগত জনসাধারণ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights