বিএসএফের হাতে আটকের পর মৃত্যু, ১১ মাস পর মরদেহ ফেরত

পঞ্চগড় প্রতিনিধি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়ার পর নির্যাতনের অভিযোগে নিহত বাংলাদেশি কৃষক আজিজুর রহমানের (৫০) মরদেহ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মরদেহটি হস্তান্তর করে বিএসএফ। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর আওতাধীন ধর্মগড় বিওপি এলাকার সীমান্তের মেইন পিলার ৩৭৩-এর ১ নম্বর সাব-পিলারের কাছ থেকে গত বছরের ১৪ মে আজিজুর রহমানকে ভারতীয় ভূখণ্ডে অবস্থানকালে আটক করে বিএসএফ।

অভিযোগ রয়েছে, আটক করার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরে শিলিগুড়ি জেলা কারাগারে পাঠানো হয়। গত ২২ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত আজিজুর রহমান ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights