বিজেপি মিথ্যা প্রচার করে ছোবল মারতে চায় : মমতা
কলকাতা প্রতিনিধি
দিল্লির বিজেপি শাসকরা পশ্চিমবঙ্গ দখল করতে ‘অনুপ্রবেশকারী’র মিথ্যা ইস্যু তুলে ছোবল মারতে চাইছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস দলের নেতা মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে তিনি গতকাল হলদিয়ায় নির্বাচনি প্রচার অনুষ্ঠানে এ অভিযোগ করেন। মমতা বলেন, ‘বাংলা অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল নয়, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। এখানে মানুষ ভালো থাকে, একসঙ্গে থাকে। সব ধর্মের অনুষ্ঠান তারা একসঙ্গে পালন করে।’ মমতা উল্লেখ করেন, অনুপ্রবেশ ইস্যু তুলে তৃণমূলের ভোটার কমাতে বিজেপি সরকার রাজ্যের ভোটার তালিকা থেকে ৯০ লাখ মানুষের নাম বাদ দিয়েছে। এর মধ্যে ৬০ লাখ হিন্দু, ৩০ লাখ মুসলমান আছেন। আসামেও ২০১৮ সালে এনআরসির নামে ১৯ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল, যার মধ্যে ১৩ লাখ হিন্দু এবং ৬ লাখ মুসলমান ছিল। ভোটারদের উদ্দেশে মমতা বলেন, ‘তৃণমূলকে ভোট দিলে আমি আবার সরকার গঠন করব। আমার মুখের দিকে তাকিয়ে যদি সব সামাজিক প্রকল্পের সুবিধা পেতে চান- তাহলে বিজেপির মিথ্যা কথায় ভুলবেন না। বিজেপি দুমুখো সাপ। নির্বাচনের সময় একটা ছোবল দেয়, নির্বাচনের পর আর একটা ছোবল দেয়। যদি ছোবল খেতে না হয় তবে তৃণমূলকেই ভোট দিন।’ মমতার দাবি, ‘অন্যবারের নির্বাচন থেকে এই নির্বাচন অনেক আলাদা। তাই গতবারেও যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তারা এবার দেবেন না।’
