বিদায়ের আগে টেস্টে কি ছক্কার সেঞ্চুরি হবে সাউদির

অনলাইন ডেস্ক

মাত্র ২০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ১৬ বছর লম্বা ক্যারিয়ারকে এবার বিদায় বলতে যাচ্ছেন তিনি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টই তার শেষ ম্যাচ। ২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছিল এই পেসারের।

হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হয়েছে ১৪ ডিসেম্বর। এই ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন সাউদি। কিন্তু কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি কথা ঘোরাফেরা করছে। আর সেটি হলো বিদায়ের আগে কি ছক্কার সেঞ্চুরি হবে সাউদির। সাউদিকে নিয়ে এ ধরনের আলোচনার কারণ পুরোদস্তুর বোলার হয়েও টেস্টে তার ছক্কার সংখ্যা অনেক কিংবদন্তি চেয়ে বেশি! এই যেমন বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং এমনকি শহীদ আফ্রিদির চেয়েও টেস্টে বড় ছক্কাবাজ টিম সাউদি!

টেস্টে সাউদির বর্তমানে ছক্কার সংখ্যা ৯৮টি। সেঞ্চুরি ছুঁতে আর মাত্র দুটি ছক্কা দরকার। ক্যারিয়ারে বাকি একটিমাত্র ইনিংস। গত নভেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া সাউদি যে গতকাল তাঁর শেষ ম্যাচটি খেলতে নেমেছেন! হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে কাল ১০ বলে ২৩ রানের ‘ক্যামিও’ উপহার দিয়ে আউট হওয়ার আগে ১টি চারের সঙ্গে ৩টি ছক্কাও মেরেছেন।

এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় চারে উঠে এসেছেন সাউদি। টেস্টে তাঁর মতো ৯৮ ছক্কা আছে ক্রিস গেইলেরও। ১৩৩ ছক্কা নিয়ে শীর্ষে আছেন সাউদিদের এই ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ১০৭ ছক্কা নিয়ে দুইয়ে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের এই কিংবদন্তি বর্তমানে স্টোকসেরই প্রধান কোচ এবং সাউদির একসময়ের সতীর্থ। তিনে আছেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান ঠিক ১০০ ছক্কা মারার পর টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কার সেঞ্চুরি করার কীর্তিটা গিলক্রিস্টেরই।

গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু শেষ টেস্ট খেলেছেন সেই ২০১৪ সালে। টি-টোয়েন্টির মতো টেস্ট ক্যারিয়ারকেও আরও অনেক দূর এগিয়ে নিলে এখন হয়তো গেইলই ছক্কার সংখ্যায় শীর্ষে থাকতেন। বিদায়ী টেস্টে আর ১টি ছক্কা মারতে পারলে গেইলকেও ছাড়িয়ে যাবেন সাউদি। তবে তাঁর লক্ষ্য নিশ্চয় তিন অঙ্ক ছোঁয়া।

পুরোদস্তুর ব্যাটসম্যান না হয়েও টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় দুইয়ে আছেন স্টুয়ার্ট ব্রড। গত বছর অ্যাশেজ সিরিজ শেষে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ব্রড টেস্টে ছক্কা মেরেছেন ৫৫টি। অর্থাৎ, সাউদির চেয়ে ৪৩টি কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights