বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব

অনলাইন ডেস্ক

সৌদি আরবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের নির্দিষ্ট শর্তে ব্যক্তিগত নিয়োগকর্তার (গৃহস্থালি নিয়োগ) অধীনে স্থানান্তরের সুযোগ চালু করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

বুধবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, অনলাইন সেবার মাধ্যমে যোগ্য বিদেশি কর্মীরা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে গৃহস্থালি কাজে স্থানান্তরের আবেদন করতে পারবেন। তবে এ সুবিধা পেতে কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে।

তবে শিক্ষা, কারিগরি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিশেষায়িত উচ্চ পর্যায়ের পেশায় কর্মরতরা এ সুবিধার আওতায় থাকবেন না। একই সঙ্গে সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত কোনো পেশায়ও বিদেশি কর্মী স্থানান্তর করা যাবে না। যে পেশায় স্থানান্তর করা হবে, সেটি অবশ্যই গৃহস্থালি শ্রমের অন্তর্ভুক্ত হতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীদের আগের নিয়োগকর্তার ইলেকট্রনিকভাবে সত্যায়িত ছাড়পত্র জমা দিতে হবে, যা সংশ্লিষ্ট চেম্বার অব কমার্স কর্তৃক অনুমোদিত হতে হবে। পাশাপাশি নতুন নিয়োগকর্তার আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে বেতন সনদ অথবা ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হবে।

এ ছাড়া কর্মীর আঙুলের ছাপ ও স্বাক্ষরযুক্ত আবাসন অনুমতিপত্রের কপি এবং নতুন নিয়োগকর্তার পরিচয় ও নির্ধারিত গৃহস্থালি পেশার বিস্তারিত তথ্যও আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ, জেপিজি, জেপিইজি, পিএনজি, ডিওসিএক্স ও এক্সএলএসএক্স ফরম্যাটে অনলাইনে জমা দেওয়া যাবে। প্রতিটি নথির সর্বোচ্চ আকার ৩ মেগাবাইট নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, নতুন এই সেবা গৃহস্থালি কর্মীদের জন্য বাধ্যতামূলক মজুরি সুরক্ষা কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত। এ কর্মসূচির আওতায় অনুমোদিত আর্থিক চ্যানেলের মাধ্যমে কর্মীদের বেতন পরিশোধ নিশ্চিত করা হবে। এর ফলে কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষিত হওয়ার পাশাপাশি শ্রমবাজারে স্বচ্ছতা ও নিয়ম মেনে চলা নিশ্চিত হবে।

এদিকে নির্ধারিত সীমার অতিরিক্ত গৃহস্থালি কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতি অতিরিক্ত কর্মীর জন্য বছরে ৯ হাজার ৬০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সৌদি নাগরিকরা সর্বোচ্চ চারজন এবং প্রবাসী বাসিন্দারা সর্বোচ্চ দুজন গৃহস্থালি কর্মী নিয়োগ করতে পারবেন। তবে প্রতিবন্ধী ব্যক্তি ও দীর্ঘমেয়াদি বা গুরুতর অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights