বিদেশি কোম্পানির সম্পত্তি মালিকানায় নতুন বিধান জারি সৌদির

অনলাইন ডেস্ক

বিদেশি কোম্পানিগুলোর জন্য সৌদি আরবে সম্পত্তির মালিকানা অর্জনের ক্ষেত্রে নতুন নিয়ম ও শর্তাবলি নির্ধারণ করেছে দেশটির বিনিয়োগ মন্ত্রণালয়। বিশেষ করে, সৌদি আরবে কোনও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা না করেও যেসব বিদেশি প্রতিষ্ঠান সম্পত্তির মালিক হতে চায়, তাদের জন্য বিস্তারিত নিবন্ধন ও অনুমোদন প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত ‘ইনভেস্টর গাইড ২০২৬’-এ এসব নতুন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের মতে, বিদেশি রিয়েল এস্টেট বিনিয়োগকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার পাশাপাশি নতুন বিনিয়োগ আইনের সঙ্গে সামঞ্জস্য আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেসব নথি জমা দিতে হবে
সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিদেশি কোম্পানিগুলোকে প্রথমে নিজ দেশের বাণিজ্যিক নিবন্ধন (কমার্শিয়াল রেজিস্ট্রেশন) সনদ জমা দিতে হবে। নথিটি অনুমোদিত অনুবাদ প্রতিষ্ঠানের মাধ্যমে আরবিতে অনুবাদ করে সংশ্লিষ্ট সৌদি দূতাবাস থেকে সত্যায়িত করতে হবে।

এছাড়া কোম্পানির গঠনতন্ত্র বা নিবন্ধন সংক্রান্ত দলিলও একইভাবে অনুবাদ ও সত্যায়িত করে জমা দিতে হবে।

আবেদনকারী প্রতিষ্ঠানকে একটি অনুমোদনপত্রের মাধ্যমে কোম্পানির প্রতিনিধিকে মনোনীত করতে হবে, যা সৌদি দূতাবাস কর্তৃক সত্যায়িত হতে হবে। একই সঙ্গে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য একজন স্বাভাবিক ব্যক্তিকে (ন্যাচারাল পারসন) ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে হবে এবং তার জন্য আনুষ্ঠানিক পাওয়ার অব অ্যাটর্নি বা ক্ষমতাপত্র প্রদান করতে হবে।

ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক
নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও বিদেশি কোম্পানি বা তার প্রতিনিধি সৌদি আরবের স্বীকৃত পরিচয়পত্র না রাখে, তাহলে বিদেশে অবস্থিত সৌদি কূটনৈতিক মিশনের মাধ্যমে ডিজিটাল পরিচয় (ডিজিটাল আইডি) সংগ্রহ করতে হবে।
এই পরিচয়পত্র নিবন্ধন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

বার্ষিক হালনাগাদের শর্ত
বিদেশি কোম্পানিগুলোর নিবন্ধন প্রতি বছর হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধনের পর কোম্পানির মালিকানা কাঠামো বা ব্যবস্থাপনায় কোনও পরিবর্তন ঘটলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
নিয়মিত হালনাগাদ না করলে নিবন্ধন সংক্রান্ত জটিলতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

অনলাইনে তাৎক্ষণিক সেবা
সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই নিবন্ধন সেবা তাদের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

‘ইনভেস্টর গাইড ২০২৬’-এ নতুন অধ্যায়
নতুন বিনিয়োগ নির্দেশিকায় ‘অ-সৌদি কোম্পানির সম্পত্তি মালিকানার উদ্দেশ্যে নিবন্ধন’ শীর্ষক একটি পৃথক অধ্যায় যুক্ত করা হয়েছে। এতে বিদেশি প্রতিষ্ঠানের সম্পত্তি অধিগ্রহণের প্রক্রিয়া, অনুমোদিত প্রতিনিধি নিয়োগ, সম্পত্তি ব্যবস্থাপনা ও বিক্রয়সংক্রান্ত দায়িত্ব, ব্যাংক হিসাব খোলা এবং কোম্পানি ও প্রতিনিধির তথ্য হালনাগাদের নিয়ম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

বিনিয়োগ মন্ত্রণালয় বলেছে, ২০২৬ সালের নির্দেশিকার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন এটি। কারণ এর আগে বিদেশি কোম্পানির সম্পত্তি মালিকানা সংক্রান্ত বিষয়গুলো এত বিস্তারিত ও স্বতন্ত্রভাবে উপস্থাপন করা হয়নি। সূত্র: সৌদি গেজেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights