বিদেশি খেলোয়াড় হিসেবে পিএসএলে খেলবেন মোহাম্মদ আমির!
স্পোর্টস ডেস্ক
ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের ক্যারিয়ারে খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। তবে এই পরিবর্তন এবার প্রভাব ফেলতে যাচ্ছে নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। আগামী পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি বিদেশি ক্রিকেটার হিসেবে নিবন্ধিত হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন নিজেই।
উইজডেনের ‘দ্য স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে আমির জানান, নাগরিকত্ব পরিবর্তনের কারণে পিএসএলে তাকে আর স্থানীয় ক্রিকেটার হিসেবে গণ্য করা হবে না। ফলে যে কোনো ফ্র্যাঞ্চাইজিকে তাকে দলে রাখতে হলে বিদেশি ক্রিকেটারের কোটার মধ্যেই জায়গা বরাদ্দ করতে হবে।
গত জুনে ব্রিটিশ নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ার তাকে ভাইটালিটি ব্লাস্টে ব্রিটিশ ক্রিকেটার হিসেবে দলে নেয়। বর্তমানে দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়েও স্থানীয় খেলোয়াড়ের মর্যাদায় খেলছেন তিনি।
আমিরের এই নাগরিকত্ব পরিবর্তনের পর আবারও আলোচনায় এসেছে তার আইপিএলে খেলার সম্ভাবনা। ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ায় ভবিষ্যতে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে তার অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে। এর আগে একইভাবে ব্রিটিশ নাগরিক হিসেবে তিন মৌসুম আইপিএলে খেলেছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ।
গত মৌসুমে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি তাকে ৫ কোটি ৪০ লাখ রুপিতে দুই বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছিল। তবে এখন বিদেশি ক্রিকেটারের মর্যাদা পাওয়ায় সেই চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডি আগের চুক্তি অনুযায়ী আমিরকে দলে রাখতে পারবে কি না, নাকি নতুন করে চুক্তি করতে হবে—তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
পিএসএল ২০২৬-এর নিয়ম অনুযায়ী, একটি দল স্কোয়াডে সর্বোচ্চ সাতজন বিদেশি ক্রিকেটার রাখতে পারবে এবং একাদশে খেলাতে পারবে সর্বোচ্চ চারজনকে। ফলে আমির বিদেশি হিসেবে অন্তর্ভুক্ত হলে রাওয়ালপিন্ডির দল গঠন ও বিদেশি কোটার পরিকল্পনায় বড় প্রভাব পড়তে পারে।
