বিপন্ন প্রজাতির সিলকে পাথর ছুড়ে গ্রেফতার মার্কিন পর্যটক, হতে পারে জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই সৈকতে ‘লানি’ নামক একটি অত্যন্ত বিপন্ন প্রজাতির হাওয়াইয়ান মঙ্ক সিলকে লক্ষ্য করে বড় পাথর ছোড়ার অভিযোগে এক মার্কিন পর্যটককে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত বুধবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটেল থেকে ৩৮ বছর বয়সী ইগর মিখাইলোভিচ লিটভিঞ্চুককে গ্রেফতার করেন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)-এর বিশেষ এজেন্টরা।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি সংরক্ষিত প্রাণীকে হেনস্তা করার অভিযোগ আনা হয়েছে এবং বৃহস্পতিবার সিয়াটেলের জেলা আদালতে তাকে হাজির করার কথা রয়েছে।

গত সপ্তাহে মাউই দ্বীপের লাহাইনা এলাকায় এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। ২০২৩ সালের ভয়াবহ দাবানলে বিধ্বস্ত হওয়া এই জনপদের মানুষের কাছে লানি নামের সিলটি ছিল আশা ও সহনশীলতার প্রতীক। প্রসিকিউটরদের দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, একটি ভিডিওতে দেখা গেছে ওই ব্যক্তি একটি নারকেলের সমান বড় পাথর হাতে নিয়ে লক্ষ্য স্থির করে সিলটির মাথা বরাবর ছুড়ে মারেন। পাথরটি লক্ষ্যভ্রষ্ট হলেও এতে প্রাণীটি আতঙ্কিত হয়ে পড়ে এবং তার স্বাভাবিক আচরণ বদলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন অভিযুক্ত ব্যক্তিকে এই কাজের জন্য বাধা দেওয়া হয়েছিল, তখন তিনি দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন যে তার কিছু যায় আসে না এবং জরিমানার টাকা দেওয়ার মতো যথেষ্ট ‘ধনী’ তিনি।

মাউই দ্বীপের মেয়র রিচার্ড বিসেন এই গ্রেফতারকে স্বাগত জানিয়ে বলেছেন, সুরক্ষিত বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই বরদাশত করা হবে না। দাবানল-পরবর্তী কঠিন সময়ে লানির ফিরে আসা স্থানীয়দের মনে প্রশান্তি এনেছিল। মেয়রের মতে, এই আইনি পদক্ষেপ সবার জন্য একটি কড়া বার্তা যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। হাওয়াইয়ান মঙ্ক সিল বর্তমানে একটি অত্যন্ত বিপন্ন প্রজাতি, যাদের সংখ্যা এখন পৃথিবীতে মাত্র ১৬০০-র মতো।

আদালতে দোষী সাব্যস্ত হলে লিটভিঞ্চুককে প্রতিটি অভিযোগের জন্য এক বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এ ছাড়া বিপন্ন প্রজাতি রক্ষা আইন এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী সুরক্ষা আইনের অধীনে তাকে সব মিলিয়ে ৭০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এই ঘটনায় পরিবেশবাদী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights