বিপিএল মিউজিক ফেস্ট সোমবার, যান চলাচলে ডিএমপির নির্দেশনা

অনলাইন ডেস্ক
আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে তিন দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়। জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল ২৩ ডিসেম্বর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর-১০ গোল চত্বর এলাকায় চলাচলকারী যানবাহনসমূহকে দুপুর ১ টা হতে রাত ১০ টা পর্যন্ত নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনাগুলো নিচে দেওয়া হলো:

১. মিরপুর-১ হতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।

২. মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।

৩.আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও হতে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবেন।

উল্লিখিত, অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights