‘বিভাগীয় জনসমাবেশ থেকে প্রধানমন্ত্রী রংপুরে ৩০টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন’

নিজস্ব প্রতিবেদক রংপুর
আগামী ২ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত রংপুর জিলা স্কুল মাঠের বিভাগীয় জনসমাবেশ থেকে বিভাগের ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে নগরীর আরডিআরএস ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় না, তিনি খোঁজ-খবর নেন। তিনি জানেন কখন কি করতে হবে। রংপুরবাসী না চাইতেই অনেক কিছু পেয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ হিসেবে রংপুরের উন্নয়ন নিজ কাঁধে নিয়েছিলেন এবং উন্নয়নের মধ্যদিয়ে রংপুরকে বদলে দিয়েছেন। এবারও তিনি রংপুরকে সুখবর দিবেন। এখন আমাদের রংপুরের পক্ষ থেকে দেওয়ার পালা। সেই সুযোগ এসেছে। প্রধানমন্ত্রীর জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে তার প্রতি কৃতজ্ঞতা জানাবে রংপুরবাসী, আমরা সেই প্রত্যাশা করছি এবং সেই অপেক্ষায় রয়েছি। আশা করছি, স্মরণকালের সমাবেশ উপহার দিয়ে দেখিয়ে দিবে গোটা বাংলাদেশকে রংপুরবাসী।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজিত রায় নন্দী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। সেটি সময়ে বলে দিবে। অবশ্যই তিস্তার উন্নয়নে কাজ হবে।
প্রধানমন্ত্রীর জনসমাবেশে নিরাপত্তার বিষয়ে সুজিত রায় নন্দী সাংবাদিকদের বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। এসএসএফসহ সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা বিষয়গুলো দেখছে। তাছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ৩০০ ভোলান্টিয়ার থাকবে মাঠে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা হক লিলি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights