বিভেদ নয়, সবার অংশগ্রহণে দেশ এগিয়ে যাবে: সংস্কৃতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এ ধরনের আয়োজন দেশীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত সময়ের বিভিন্ন অপপ্রচারকে পেছনে ফেলে এ দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বৈশাখী মেলায় অংশগ্রহণ করেছে। আজ যেন বাংলাদেশ একটি উৎসবের দেশে পরিণত হয়েছে। আমাদের সরকার বিশ্বাস করে কোনো বিভেদ নয়, এভাবেই সবার অংশগ্রহণের মাধ্যমে এই দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে বিসিকের ভূমিকার প্রশংসা করেন এবং এ খাতকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। এ ছাড়াও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সাত দিনব্যাপী এ মেলায় দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য, হস্তশিল্প, ঐতিহ্যবাহী সামগ্রী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হবে। মেলাটি সকলের জন্য উন্মুক্ত এবং প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights