বিমানের দুবাই ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ

অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি সোনার বার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে এ পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানা গেছে।

অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টম কর্মকর্তাদের যৌথ একটি দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ পেঁচানো অবস্থায় মোট ১৬০টি বার উদ্ধার করে, যেগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কার্গো হোলে কীভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights