বিমানে হার্ট অ্যাটাক, ঢাকার বদলে চট্টগ্রামে জরুরি অবতরণ
অনলাইন ডেস্ক
হার্ট অ্যাটাক করা এক যাত্রীকে নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ঢাকাগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টায় বিমানটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করে। অসুস্থ যাত্রীর নাম মো. সাজ্জাদ।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ) মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের এরিয়া কন্ট্রোল ইউনিট থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারে জরুরি বার্তা পাঠানো হয়।
বার্তায় জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক থেকে ঢাকাগামী ফ্লাইট (টিএইচএ৩৩৯)-এ এক যাত্রী হার্ট অ্যাটাক করায় বিমানটি মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং ক্যাপ্টেন দ্রুত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চান।
পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণিক বিমানবন্দরের টাওয়ার, বিমানবন্দর পরিচালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
রাত ১২টা ৪৫ মিনিটে বিমানটি প্রথমবার যোগাযোগ করে এবং রাত ১টায় নিরাপদে চট্টগ্রামে অবতরণ করে।
বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ৪০ মিনিটে বিমানে প্রবেশ করেন।
অসুস্থ যাত্রীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করা হয়। তবে চিকিৎসক জানান, ইসিজি ছাড়া নিশ্চিতভাবে মৃত্যু ঘোষণা করা সম্ভব নয়। এ কারণে তিনি রোগীকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
থাই এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার মো. আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীকে অনবোর্ডেই ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী আনুষ্ঠানিকতা সেখানে সম্পন্ন করা হবে।
পরে বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
