বিয়ের পর বদলে যাওয়া জীবন নিয়ে মুখ খুললেন জেফার

অনলাইন ডেস্ক

বিয়ের পর জীবনের নতুন অধ্যায় নিয়ে প্রথমবার খোলামেলা কথা বললেন সংগীতশিল্পী, অভিনেত্রী জেফার রহমান। ভালোবেসে উপস্থাপক রাফসান সাবাবকে বিয়ের ৫৪ দিন পার হলেও এতদিন ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু বলেননি তিনি। এবার জানালেন, জীবনের এই নতুন সময়টাকে তিনি বেশ উপভোগ করছেন।

জেফার রহমান বলেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের নতুন অধ্যায়টা খুব উপভোগ করছি। আমি কাজের প্রতি অনেকটাই নিবেদিত এবং মনোযোগী। তাই আমার জন্য একজন সাপোর্টিভ ও বোঝাপড়াসম্পন্ন সঙ্গী থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার সঙ্গী সেই বিষয়টাকে সম্মান করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেন।

হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বলা যায় সিদ্ধান্তটা হুট করেই নেওয়া। এটা আমাদের জীবনের একটি বড় পদক্ষেপ। আমরা সত্যিই ভাগ্যবান যে আমাদের পরিবার, বন্ধু আমাদের নতুন যাত্রাকে ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে উদযাপন করেছেন।

জেফার জানান, তারা চেয়েছিলেন খুব কাছের মানুষদের নিয়ে ছোট করে এই মুহূর্তটি উদযাপন করতে। তাই সীমিত আয়োজনেই বিয়ের অনুষ্ঠান করেছেন। তার ভাষায়, বিয়ের প্রতিটি আয়োজন তাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ প্রতিটি অনুষ্ঠানে তারা দারুণ সময় কাটিয়েছেন।

বিয়ের পর জীবনে পরিবর্তন এসেছে কি না জানতে চাইলে তিনি বলেন, অনেকটাই বদলে গেছে সবকিছু। আগে একা একা কাজ করতাম, এখন আমার একজন সঙ্গী আছেন। তিনি শুধু জীবনের পার্টনার নন, কাজেরও একজন সঙ্গী। জীবনটা এখন অনেক সহজ মনে হয়।

তিনি বলেন, আমরা দুজন দুজনের প্রতি সাপোর্টিভ। একে অপরের পার্থক্যগুলোকে সম্মান করি। বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ করা এবং সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে ভালো লাগে।

কাজের প্রসঙ্গে জেফার রহমান বলেন, গত বছর তিনি কয়েকটি সিনেমায় প্লে ব্যাক করেছেন। এর মধ্যে রয়েছে তাণ্ডব, দাগী, ইনসাফ। সিনেমাগুলো ঈদে মুক্তি পেয়েছে। যদিও তিনি নিয়মিত প্লে ব্যাক করেন না, তবুও গত বছর কয়েকটি কাজ করেছেন।

তিনি বলেন, এখন নিজের জন্য কিছু সলো কাজের পরিকল্পনা করছেন। মিউজিকের পাশাপাশি স্টেজ শো এবং বিভিন্ন এন্ডোর্সমেন্টের কাজও চলছে। নতুন জীবনের কারণে কিছুদিন বিরতি নিয়েছিলেন, তবে এখন আবার কাজে ফিরেছেন।

এদিকে অভিনয় প্রসঙ্গে তিনি জানান, নির্মাতা শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে তার সঙ্গে রয়েছেন প্রীতম হাসান। দুজনেই মূলত সংগীতশিল্পী হলেও এখানে একসঙ্গে অভিনয় করেছেন। বর্তমানে কাজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এবং শিগগিরই এটি সামনে আসবে বলে আশা করছেন তিনি।

কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে জেফার বলেন, দুটি বিষয়ই একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। ব্যক্তিগত জীবন ভালো না হলে কাজেও তার প্রভাব পড়ে। আবার কাজ ভালো না হলে ব্যক্তিগত জীবনেও প্রভাব পড়ে।

তিনি বলেন, তাই দুটোর মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছি। আমার পরিবার খুব সাপোর্টিভ এবং আমার স্বামীও অনেক বেশি সাপোর্টিভ। আমরা যেহেতু দুজনই একে অপরের কাজ বুঝি, তাই ব্যক্তিগত জীবনেও আমাদের সামঞ্জস্য ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights