বিয়ের প্রস্তুতিমূলক বৈঠকে তর্কাতর্কি, ছুরিকাঘাতে যুবক নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট মন্দাকিনীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফটিকছড়ি-নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম পার্শ্বে ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ঘাট স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিয়ের প্রস্তুতিমূলক বৈঠক চলাকালে একই বাড়ির জসিম (৪৮) ও বাবুর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, বৈঠকে থাকা লোকজন বাবুকে উদ্ধার করতে গেলে জসিম তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করেন। আহত দুইজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটহাজারী থানার ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া জানান, ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে রাতেই এলাকাবাসী আটক করেন। পরে র‌্যাব-পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights