বিয়েলসা থেকে কোম্যান, বিশ্বকাপ ব্যর্থতায় পদ হারালেন যে কোচেরা

অনলাইন ডেস্ক
ফুটবল বিশ্বকাপ যেন পরিণত হয়েছে কোচদের বধ্যভূমিতে। গ্রুপ পর্বের লড়াই শেষ হতে না হতেই একের পর এক কোচের বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর উরুগুয়ের মার্সেলো বিয়েলসা এবং নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যানসহ ইতিমধ্যে সাতটি দেশের প্রধান কোচ তাদের পদ হারিয়েছেন বা পদত্যাগ করেছেন। ইকুয়েডর, উরুগুয়ে, নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র, তিউনিসিয়া, দক্ষিণ কোরিয়া এবং স্কটল্যান্ডের বেঞ্চে এখন পরিবর্তনের হাওয়া।

চলতি বিশ্বকাপে কোচ ছাঁটাইয়ের এই অনাকাঙ্ক্ষিত খাতাটি প্রথম খুলেছিল গত ১৫ জুন তিউনিসিয়াকে দিয়ে। সুইডেনের কাছে ৫-১ ব্যবধানের বিশাল হারের পরদিনই বরখাস্ত করা হয় তিউনিসিয়ার ফরাসি বংশোদ্ভূত কোচ সাব্রি লামুশিকে। এরপর হার্ভে রেনার্ড দায়িত্ব নিলেও তিউনিসিয়ার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।

গ্রুপ পর্ব শেষ হওয়ার ঠিক পরদিনই দক্ষিণ কোরিয়া এবং স্কটল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাদের কোচদের বিদায়ের কথা ঘোষণা করে। দলের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন দক্ষিণ কোরিয়ার হং মিয়ুং-বো এবং স্কটল্যান্ডের স্টিভ ক্লার্ক। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার পেছনে থেকে গ্রুপ পর্ব শেষ করা কোরিয়ানরা নকআউট পর্বে জায়গা করতে পারেনি। অন্যদিকে, দীর্ঘ সাত বছর দায়িত্ব পালন করার পর স্কটিশদের বিদায়ের সাথে সাথেই নিজের পদত্যাগের ঘোষণা দেন ক্লার্ক।

গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে না পারার ব্যর্থতায় ২৯ জুন চেক প্রজাতন্ত্রের কোচের পদ থেকে ইস্তফা দেন মিরোস্লাভ কুবেক। চেক ফুটবল ফেডারেশনও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার এই চলে যাওয়া মেনে নিয়েছে। বিদায়ের এই মিছিলে যোগ দিয়েছেন ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসেও। মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর তিনি জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কোনো ক্ষোভ ছাড়াই তিনি একটি সুন্দর পরিবারকে বিদায় জানাচ্ছেন।

সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে উরুগুয়ে ও নেদারল্যান্ডস শিবির থেকে। স্পেনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে বিদায় নেওয়ার পর উরুগুয়ের দায়িত্ব ছেড়েছেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। দলের এমন অভাবনীয় বিদায়ের সব দায় নিজের কাঁধে নিয়ে একে অত্যন্ত হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন তিনি। এর ঠিক কয়েক ঘণ্টা আগে নেদারল্যান্ডসের ডাগআউট ছাড়ার ঘোষণা দেন রোনাল্ড কোম্যান। শেষ ষোলোর লড়াইয়ে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে ডাচদের বিদায়ের পর ৬৩ বছর বয়সী এই কোচ জানান, চুক্তির মেয়াদ শেষে তিনি আর তা নবায়ন করছেন না এবং এখন থেকে পরিবার ও নাতি-নাতনিদের সাথে বেশি সময় কাটাতে চান।

সূত্র: মার্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights