বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন প্রেম, সংসার ও দুই সন্তানকে নিয়ে একসঙ্গে পথ চলার পর এবার তাদের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

তবে তাদের বিয়েতে ছিল না কোনো জাঁকজমক কিংবা তারকাদের ভিড়। একেবারে সাদামাটা আয়োজনে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেছেন তারা।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)-এর প্রতিবেদন অনুযায়ী, গোয়ার উত্তরাঞ্চলের মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। স্থানীয় আইনে প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে দ্রুতই প্রক্রিয়াটি সম্পন্ন করেন এই তারকা জুটি।

সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানান, গোয়ার অভিন্ন দেওয়ানি বিধির আওতায় তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিয়ের দিনও বেশ সাধারণ পোশাকেই বিকেল চারটার দিকে কার্যালয়ে হাজির হন অর্জুন ও গ্যাব্রিয়েলা। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।

অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই এরপর একসঙ্গে পথচলা শুরু করেন তারা। ২০১৯ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান এরিক। চার বছর পর, ২০২৩ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান এরিভ।

দীর্ঘদিন একসঙ্গে থাকলেও বিয়ের বিষয়ে তাড়াহুড়া করেননি এই জুটি। বরং নিজেদের মতো করেই সম্পর্ককে এগিয়ে নিয়েছেন। ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসে। আর এবার ২০২৬ সালে এসে সেই সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

বিয়ের প্রয়োজনীয়তা নিয়েও অতীতে নিজের অবস্থান জানিয়েছিলেন অর্জুন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাদের সম্পর্কের ক্ষেত্রে বিয়ের কাগজ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তার মতে, সম্পর্কের গভীরতা কোনো কাগজ দিয়ে নির্ধারণ করা যায় না।

অর্জুন আরও জানিয়েছিলেন, তারা এমনিতেই নিজেদের বিবাহিত মনে করেন। একে অপরকে ভালোভাবে এগিয়ে যেতে সহযোগিতা করার পাশাপাশি প্রেমিক-প্রেমিকার সম্পর্কটিও উপভোগ করছেন তারা। তবে বিয়ের বিরোধী নন বলেও স্পষ্ট করেছিলেন অভিনেতা। শেষ পর্যন্ত সেই সম্পর্কই এবার পেল আনুষ্ঠানিক স্বীকৃতি।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অর্জুনের দাম্পত্য জীবন ছিল মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে। প্রায় ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে অর্জুন ও মেহেরের বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটলেও অর্জুন তার দুই মেয়ের সঙ্গে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।

অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরুটা হয়েছিল ভালোবাসা দিয়ে। এরপর তারা বিয়ে না করেই সংসার শুরু করেন। দুটি সন্তানের বাবা-মা হওয়ার পরেও তারা বহু বছর অবিবাহিতই ছিলেন। তাদের কাছে সম্পর্কের অর্থ ছিল একান্ত ব্যক্তিগত এবং তা সামাজিক বা আইনি স্বীকৃতির ঊর্ধ্বে ছিল।

সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights