বিরল সব গাড়ি দেখিয়ে রোনালদো বললেন, ‘আমার খেলনা’

অনলাইন ডেস্ক

নিজের ব্যক্তিগত সাম্রাজ্যের অন্তরালের দরজা উন্মুক্ত করে ভক্তদের অভিভূত করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বুগাটি থেকে ফেরারি—বিশ্বের বিরলতম সব গাড়িকে এক ফ্রেমে তুলে ধরে মৃদু হেসে বললেন. ‘আমার খেলনা’।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের সাম্প্রতিক পোস্টের ক্যাপশনে রোনালদো সংক্ষেপে লিখেছেন, ‘মাই টয়েস’ (আমার খেলনা)। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল মহাতারকার গ্যারেজে আসলে কী কী গাড়ি পার্ক করা আছে? বিশ্বকাপ পরবর্তী ছুটি শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে আল নাসর অধিনায়ক ভক্তদের এক নজর দেখিয়ে দিলেন তাঁর কোটি কোটি ইউরো মূল্যের গাড়ির এক রাজকীয় বহর।

উচ্চক্ষমতাসম্পন্ন বিলাসবহুল গাড়ির প্রতি নিজের প্রবল অনুরাগের কথা কখনোই লুকিয়ে রাখেননি ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই সুপারস্টার একবার এক সাক্ষাৎকারে স্বীকারও করেছিলেন, তাঁর মালিকানায় ঠিক কতগুলো গাড়ি আছে তার হিসাব তিনি নিজেও হারিয়ে ফেলেছেন! তবে ধারণা অনুযায়ী, তাঁর কালেকশনে গাড়ির সংখ্যা প্রায় ৪০ থেকে ৪১টির মতো।

‘সিআরসেভেনের’ পোস্ট করা ছবিতে শোভা পাচ্ছিল বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ সব হাইপারকার। তালিকায় ছিল বুগাটি ভেরন ১৬.৪ গ্র্যান্ড স্পোর্ট ভিটেস, রোনালদোর নিজের মতো করে কাস্টমাইজ করা বুগাটি চিরন এবং মাত্র ১০ মিলিয়ন ডলার মূল্যের অতি দুর্লভ ‘বুগাটি সেন্তো দিয়েচি’।

শুধু বুগাটিই নয়, আরও দেখা গেছে ফর্মুলা ওয়ান রেসিং কারের আদলে তৈরি ‘মার্সিডিজ-এএমজি ওয়ান’, যা বিশ্বজুড়ে মাত্র ২৭৫টি তৈরি করা হয়েছে। এছাড়া তাঁর কালেকশনের নতুন সংযোজন হিসেবে ছিল প্রায় ৩২ লাখ পাউন্ড মূল্যের অত্যাধুনিক ‘বুগাটি ট্যুরবিলন’।

রোনালদোর গ্যারেজে বুগাটির মতোই রাজকীয় স্থান দখল করে আছে ইতালিয়ান ব্র্যান্ড ফেরারি। প্রকাশিত ছবিতে দেখা যায়, ফেরারি পুরোস্যাংয়ের পাশাপাশি শোভা পাচ্ছে ফেরারি ডেটোনা এসপি৩, ফেরারি মনজা এসপি১ এবং একটি কালো রঙের ফেরারি ৫৯৯ জিটিও। ধারণা করা হয়, তাঁর এই কালেকশনে ৩৪ লাখ ডলারেরও বেশি মূল্যের ‘ফেরারি লাফেরারি-ও রয়েছে।

অন্যদিকে ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংয়ের কারুকাজ হিসেবে রোনালদোর গ্যারেজ আলো করে আছে সিলভার রঙের ‘ম্যাকলারেন সেনা’ এবং ফিউচারিস্টিক ডিজাইনের ‘ম্যাকলারেন স্পিডটেইল’। কার্বন-ফাইবার এক্সেন্টের এই গাড়িগুলো তাঁর সংগ্রাহক সত্ত্বাকে নিয়ে গেছে অন্য এক অনন্য উচ্চতায়।

তবে রোনালদোর এই বিশাল বহর শুধু সুপারকার বা হাইপারকারেই সীমাবদ্ধ নয়। সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর পর্তুগিজ অধিনায়ক এবং তাঁর সতীর্থদের উপহার হিসেবে বিএমডব্লিউ গাড়িও দিয়েছিল ক্লাবটি।

এক বিশেষ মুহূর্তেই মূলত পোস্টটি নিয়ে এলেন রোনালদো। ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের শেষ ষোলো থেকে বিদায়ের পর লম্বা গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন ৪১ বছর বয়সী রোনালদো। রিয়াদ আল নাসরের দল যখন লিসবনে প্রাক-মৌসুম ক্যাম্প নিয়ে ব্যস্ত, তখন তিনি পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন মার্য়োকা দ্বীপপুঞ্জে।

আলমেরিয়ার বিপক্ষে আল নাসরের প্রীতি ম্যাচের সময় মাঠে এসে সতীর্থদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেও এখনও পুরোদমে অনুশীলনে ফেরেননি রোনালদো। এই ছুটির আমেজ আর বেশিদিন স্থায়ী হচ্ছে না।

আগামী ৫ আগস্ট লিসবনে আল নাসরের প্রাক-মৌসুম ক্যাম্প শেষ হয়েছে এবং খুব শিগগিরই পুরো দলসহ রোনালদো রিয়াদে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী ১৫ আগস্ট আল-ফাতেহের বিপক্ষে সৌদি প্রো লিগের মিশন শুরুর আগে অনুশীলনের জন্য তাঁর হাতে সময় থাকছে এক সপ্তাহের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights