বিরিয়ানিতে মাংস না পেয়ে রেস্তোঁরার বিরুদ্ধে দম্পতির মামলা!

অনলাইন ডেস্ক
বিরিয়ানি কিনে এনে আয়েশ করে খেতে বসে দেখলনে ভাত ঠাসা কিন্তু কোনো মাংস নেই। ফলে মেজাজটাও গেল বিগড়ে। আর তাই মাংস ছাড়া বিরিয়ানি দেওয়ার ‘অপরাধে’ রেস্তোরাঁর বিরুদ্ধে আদালতে মামলা করে দিলেন ভারতের বেঙ্গালুরুর এক দম্পতি।

বেঙ্গালুরুর বাসিন্দা ওই দম্পতি কিছু দিন আগেই বাড়ির কাছের একটি রেস্তোরাঁ থেকে ১৫০ টাকা দিয়ে এক প্লেট চিকেন বিরিয়ানি কিনে আনেন। রেস্তোরাঁ থেকেই খেয়ে আসতে পারতেন, কিন্তু বাড়ি ফিরে গুছিয়ে বসে খাবেন বলে কিনে আনেন। বাড়ি ফিরে থালায় বিরিয়ানি ঢালতেই চক্ষু চড়কগাছ। ভাত আছে, কিন্তু মাংসের কোনও চিহ্ন নেই। মাংস ছাড়া বিরিয়ানি দেখেই মাথা গরম হয়ে যায় দু’জনের। রেস্তোরাঁ মালিককে ফোন করে মাংস না দেওয়ার জন্য অভিযোগ জানান। রেস্তোরাঁর পক্ষ থেকে নিজেদের ভুল স্বীকার করে নিয়ে মাংস পাঠানোর আশ্বাসও দেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও মাংস আসেনি।

দম্পতির দাবি, মাংসের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করে বসেছিলেন তারা। কিন্তু অপেক্ষাই সার হয়েছে। মাংস আর আসেনি। ফোন করা হলেও রেস্তোরাঁর কেউ ফোন ধরেননি। অগত্যা রেগে গিয়ে ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানান তারা। সেখান থেকে ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। ওই দম্পতি শুধু মামলা করেই ছেড়ে দেননি। ৩০ হাজার টাকা ক্ষতিপূরণের দাবিও করেন। আদালতের সমন যেতেই নড়েচড়ে বসেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আদালত দম্পতির যুক্তি মেনে নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ১০০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights