বিশেষ নকশা করা ট্রাঙ্কে মাঠে যাবে বিশ্বকাপের ট্রফি

অনলাইন ডেস্ক

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি বিশ্বকাপটি নিউইয়র্ক-নিউ জার্সির স্টেডিয়ামে নেওয়া হবে বিশেষভাবে তৈরি করা একটি লুই ভুইতঁ ট্রাঙ্কে। বিশ্বের শীর্ষস্থানীয় এই ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউসটিকেই আবারও এই কাঙ্ক্ষিত ট্রফির বহনের বাক্স ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী রবিবার (২০ জুলাই) দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচের আগে সেই ভেন্যুতে ট্রফিটি নেওয়া হবে লুই ভুইতঁর তৈরি করা বিশেষ এক ট্রাঙ্কে করে।

এ নিয়ে টানা পঞ্চম টুর্নামেন্টের বিশ্বকাপের ট্রফি বহনের দায়িত্বে থাকছে ফরাসি ব্র্যান্ডটির নকশা করা বিশেষ এই ট্রাঙ্ক। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করেছে তারা।

বিশেষভাবে তৈরি ট্রাঙ্কটির সামনের অংশে রয়েছে সোনালি রঙের বড় ‘ভি’ (V)- যা একইসঙ্গে ‘ভিক্টরি’ (জয়) এবং ‘ভুইতঁ’- দুই অর্থই বহন করে। ট্রাঙ্কজুড়ে আছে ব্র্যান্ডটির পরিচিত মনোগ্রাম নকশা, সোনালি প্রলেপ দেওয়া পিতলের কোণার সুরক্ষা ও ভেতরে বেইজ রঙের চামড়ার আস্তরণ। এছাড়া ফিফা ও লুই ভুইতঁর অংশীদারত্ব স্মরণে ভেতরে যুক্ত করা হয়েছে একটি বিশেষ প্যাচ।

লুই ভুইতঁর প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান পিয়েত্রো বেকারি এক বিবৃতিতে বলেছেন, “এক দশকেরও বেশি সময় ধরে লুই ভুইতঁ ও ফিফা উৎকর্ষের প্রতি অভিন্ন অঙ্গীকার নিয়ে কাজ করছে। খেলাধুলা মানুষকে অনুপ্রাণিত করা এবং একত্রিত করার যে শক্তি রাখে, সেই বিশ্বাসই আমাদের এই অংশীদারত্বের ভিত্তি।”

বিশ্বের বড় বড় ক্রীড়া আসরের সঙ্গে বিলাসবহুল ব্র্যান্ডগুলোর সম্পৃক্ততা নতুন নয়। ১৯৬৭ সালে প্রথম সুপার বোলের পর থেকে এনএফএলের চ্যাম্পিয়নদের ভিন্স লোম্বার্ডি ট্রফি তৈরি করছে টিফানি অ্যান্ড কোং।

ফর্মুলা-১ এও বিভিন্ন গ্রাঁ প্রির ট্রফির জন্যও ১০ বছরের চুক্তির আওতায় বিশেষ ট্রফি ট্রাঙ্ক তৈরি করে আসছে লুই ভুইতঁ।

তবে বিশ্বকাপ ট্রফির মর্যাদা আলাদা। চার বছর পরপর অনুষ্ঠিত ফুটবলের সর্বোচ্চ আসরের এই একমাত্র ট্রফিটি সাধারণত সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে।

তাই বিশ্বকাপ ট্রফির জন্য বিশেষ ট্রাঙ্ক তৈরির দায়িত্বকে লুই ভুইতঁর জন্যও বড় সম্মান হিসেবেই দেখা হয়।

সূত্র: এনবিসি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights