বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারের থাকা নিয়ে ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে ব্রাজিল শিবিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা, কোথায় নেইমার জুনিয়র? পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সবচেয়ে বড় তারকার মাঠে ফেরার বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই।

আগামী ১৪ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ব্রাজিল। তবে সেই ম্যাচে নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

দলীয় অনুশীলনে তাকে না দেখা যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। সর্বশেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচেও মাঠে ছিলেন না এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির জন্মদিন উদযাপনের সময়ও দলীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না নেইমার। বিষয়টি নিয়ে কোচিং স্টাফ বা সতীর্থদের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

জানা গেছে, গত মে মাসের মাঝামাঝিতে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে তিনি গ্রেড টু মাংসপেশির ইনজুরিতে পড়েন। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ফেরার লক্ষ্যেই তাকে দলে রাখা হয়েছিল।

তবে এখনো মাঠের অনুশীলনে না ফেরায় ধারণা করা হচ্ছে, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারকে নাও পাওয়া যেতে পারে। শুধু প্রথম ম্যাচ নয়, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights