বিশ্বকাপের মাঝপথে পাকিস্তান ক্রিকেটে অন্তর্দ্বন্দ্ব

অনলাইন ডেস্ক
পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে এখন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে মহসিন নাকভি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্বও সামলাচ্ছেন। তার অধীনে কয়েকটি সফল টুর্নামেন্ট আয়োজন হলেও সাম্প্রতিক সময়ে নাকভির নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রশ্নটি তুলেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। তার মতে, সিদ্ধান্তে স্পষ্টতার অভাব ও কোচিং স্টাফকে পর্যাপ্ত স্বাধীনতা না দেওয়াই পাকিস্তান দলের অধিনায়ক ও কোচের মধ্যকার টানাপোড়েনের মূল কারণ।

রবিবার ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, “কোনো দেশ যদি এগিয়ে যেতে চায়, তাহলে নেতৃত্বকে সিদ্ধান্তে দৃঢ় হতে হবে। স্পষ্টতা থাকতে হবে এবং কোচ ও টিম ম্যানেজমেন্টকে স্বাধীনতা দিতে হবে। আমার মনে হয়, পিসিবি প্রধান সেই পূর্ণ স্বাধীনতা দেননি। বর্তমান কোচ মাইক হেসন দলকে এগিয়ে নিতে চেষ্টা করছেন।”

মন্তব্যের পেছনে প্রেক্ষাপট তৈরি করে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও। সেখানে দেখা যায়, পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা হতাশায় একটি বোতল ছুড়ে ফেলছেন। তখন তিনি প্রধান কোচ মাইক হেসনের পাশেই বসে ছিলেন।

তিওয়ারির মতে, এই ঘটনা নিছক ক্ষণিকের হতাশা নয়, বরং ড্রেসিংরুমের ভেতরের গভীর সমস্যার প্রতিফলন। তিনি বলেন, “শেষ ম্যাচে আমরা দেখেছি, হেসন ও অধিনায়ক সালমান আলি আগার মধ্যে হতাশা তৈরি হয়েছিল। বাবর আজমকে নামানো হয়নি। আগা বোতল ছুড়ে ফেলেন। এতে স্পষ্ট বোঝা যায়, ভেতরে আস্থার ঘাটতি রয়েছে।”

কোচ মাইক হেসন এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। তিনি পুরো ঘটনাকে ভিন্নভাবে দেখছেন এবং যেকোনো ধরনের দ্বন্দ্বের কথা সরাসরি অস্বীকার করেছেন।

হেসন বলেন, “ভিডিওটি আমি দেখেছি, কিন্তু বিষয়টি সবাই ভুলভাবে ব্যাখ্যা করছে। আমি তখন সালমানের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম—মোহাম্মদ নওয়াজকে বাঁহাতি ব্যাটার হিসেবে প্রস্তুত থাকতে বলা হবে কি না, সেটা নিয়ে। ঠিক সেই সময় আগা আউট হয়ে হতাশ ছিলেন, তাই বোতলটা মাটিতে ছুড়ে দেন।”

তিনি আরও বলেন, আলোচনাটি ছিল সম্পূর্ণ ব্যাটিং পরিকল্পনা ঘিরে, কোনো ধরনের বিরোধ নয়।

মাইক হেসন বলেন, “আমাদের কথোপকথনের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক ছিল না। অনেক সময় মানুষ খুব সাধারণ বিষয়কেও ভিন্নভাবে ব্যাখ্যা করে ফেলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights