বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনে দুই ভিন্ন ম্যাচে হতাশার মুখ দেখল বাংলাদেশ। ছেলেদের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নারী দলের কাছেও বড় ব্যবধানে পরাজিত হলো বাংলাদেশের মেয়েরা।

লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে মাত্র ৭৭ রান সংগ্রহ করে। জবাবে ১ উইকেট হারিয়েই ৯.৩ ওভারে জয় তুলে নেয় ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এক পর্যায়ে ২৭ রানে ৫ উইকেট পড়ে গেলে বড় বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তিনি ৪৭ বলে এই রান করেন। রিতু মনি করেন ২৬ বলে ১৬ রান।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে এলিস পেরি, কিম গার্থ ও সোফি মলিনিউ নেন ২টি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় কোনো চাপ ছাড়াই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। জর্জিয়া ভল ৩২ বলে ৪৫ রান ও এলিস পেরি ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

এই হারের ফলে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে আপাতত তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে টানা দুই জয় নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

আগামী শনিবার সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights