বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল, দেখে নিন এক নজরে

অনলাইন ডেস্ক
আড়াই মাসেরও কম সময়ের মাঝে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। গতকাল ও আজ মিলিয়ে শেষ হয়েছে টুর্নামেন্টটির জায়গা নিশ্চিতের শেষ সুযোগ প্লে-অফ পর্ব।

দুইদিনে বিশ্বকাপের মূলপর্বে খেলা চূড়ান্ত হয়েছে ৬ দলের। আজ সকালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল (৪৮তম) হিসেবে ৪০ বছর পর বিশ্বকাপে উঠল এশিয়ান দেশ ইরাক।

এর আগে মঙ্গলবার রাতে মেক্সিকো ও ইউরোপে অনুষ্ঠিত প্লে-অফ থেকে বিশ্বকাপে উঠেছে বসনিয়া-হার্জেগোভিনা, চেক রিপাবলিক, তুরস্ক, সুইডেন, ডিআর কঙ্গো। এ ছাড়া আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালের পর বলিভিয়ার হৃদয় ভেঙে সেই দলে যোগ দিলো ইরাক। বিশ্বকাপ খেলার দৌড় থেকে বাদ পড়া সবচেয়ে বড় নামটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। এ নিয়ে টানা তিন আসরে তারা বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো।

বসনিয়ার বিপক্ষে প্লে-অফ ফাইনালের প্রথমার্ধে এক গোলে এগিয়েই ছিল ইতালি। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করলে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও স্কোরশিটে পরিবর্তন আসেনি। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। যেখানে পরীক্ষায় প্রথম শটেই গোল আদায় করেন বসনিয়ার বেঞ্জামিন তাহিরোভিচ। অন্যদিকে ইতালির হয়ে শট নিতে এসে মিস করেন পিও এস্পোসিতো। দ্বিতীয় শটে দুদলই গোল পায়। পরের শটে বসনিয়া গোল পেলেও মিস করেন ইতালির ব্রায়ান ক্রিস্টান্তে। আর চতুর্থ শটে গোল পেয়ে গেলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বসনিয়া-হার্জেগোভিনার। তাতেই বিশ্বকাপের টিকিট পেয়ে যায় দলটি।

দ্বিতীয় বারের মতো বিশ্বকাপে ওঠা বসনিয়া ‘বি’ গ্রুপে পেয়েছে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডকে। ইতালির মতো বিদায় নিয়েছে রবার্ট লেভান্ডফস্কির পোল্যান্ডও। তাদের ৩-২ গোল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে জায়গা করে নিলো ভিক্টর গিওকেরেসের দল সুইডেন। ২০২৬ বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়াকে পেল সুইডেন। এদিকে, কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের টিকিট কেটেছে তুরস্ক। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্র।

ডেনমার্ক ও চেক রিপাবলিকের ম্যাচেও ফল এসেছে টাইব্রেকারে। নির্ধারিত সময়ে তাদের খেলা শেষ হয় ২-২ সমতায়। এরপর পেনাল্টি শ্যুটআউটে ৩-১ ব্যবধানে জিতে চেক প্রজাতন্ত্র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ২০ বছর পর। তারা সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ২০০৬ সালে। আসন্ন মেগা ‍টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপের টিকিট কাটল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। গ্রুপ ‘কে’-তে কঙ্গো পেয়েছে পর্তুগাল, উজবেকিস্তান ও কলম্বিয়াকে।

এ ছাড়া ‘আই’ গ্রুপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও ইরাকের প্রতিদ্বন্দ্বী নরওয়ে ও সেনেগাল। ১৬ জুন ফক্সবোরোতে ইরাক প্রথম ম্যাচ খেলবে নরওয়ের সঙ্গে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে লাতিন আমেরিকার দেশ বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারায় এশিয়ান দেশটি। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ৪৮ দলের এই আসরে হবে ১০৪টি ম্যাচ।

বিশ্বকাপে ৪৮ দল ও গ্রুপিং

এ গ্রুপ : চেক প্রজাতন্ত্র, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া
বি গ্রুপ : বসনিয়া-হার্জেগোভিনা, কানাডা, কাতার ও সুইজারল্যান্ড
সি গ্রুপ : ব্রাজিল, হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড
ডি গ্রুপ : অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক ও যুক্তরাষ্ট্র
ই গ্রুপ : জার্মানি, কুরাসাও, ইকুয়েডর ও আইভরি কোস্ট
এফ গ্রুপ : নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া
জি গ্রুপ : বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড
এইচ গ্রুপ : স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে
আই গ্রুপ : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও ইরাক
জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান
কে গ্রুপ : পর্তুগাল, কলম্বিয়া, জ্যামাইকা ও উজবেকিস্তান
এল গ্রুপ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights