বিশ্বকাপে নতুন রেকর্ডের সামনে মেসি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এবার সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টায় ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের সাত দেখায় এখনো জয় পায়নি সুইজারল্যান্ড। পাঁচটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, বাকি দুটি ড্র হয়েছে। বিশ্বকাপে আগের দুই দেখাতেও জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, ১৯৬৬ সালে ২-০ এবং ২০১৪ সালে ১-০ ব্যবধানে।

এদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত আরও একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে লিওনেল মেসির সামনে। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপের সব পর্ব মিলিয়ে টানা নয় ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে মিশরের বিপক্ষে ম্যাচে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েন মেসি। অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করে বিশ্বকাপের এক আসরে দুই পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হয়েছেন তিনি।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আট গোল করেছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত এক আসরে এটিই কোনো ফুটবলারের সর্বোচ্চ গোলসংখ্যা। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলের আদেমিরই কেবল এক আসরে মেসির চেয়ে বেশি, ৯টি গোল করেছিলেন। ফলে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল পেলেই আরেকটি অনন্য বিশ্বকাপ রেকর্ডে নিজের নাম লেখাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights