বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট মানছেন না ভিনিসিউস

স্পোর্টস ডেস্ক
আসন্ন বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট হিসেবে দেখছেন না ভিনিসিউস জুনিয়র। তবে শিরোপার লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। এরপর প্রতিটি বিশ্বকাপেই ‘হেক্সা’ জয়ের লক্ষ্য নিয়ে নামলেও সফল হতে পারেনি তারা। সামনে আরেকটি বিশ্বকাপকে ঘিরে আবারও আলোচনায় সেলেসাওদের সম্ভাবনা।

বিশ্বকাপের আগে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। সাম্প্রতিক পারফরম্যান্স ও দলের গভীরতায় অনেক দলকে ফেবারিট ধরা হলেও নিজেদের সেই তালিকায় রাখছেন না ভিনিসিউস।

তার ভাষায়, সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে ব্রাজিল ফেবারিট নয়। তবে দলের ইতিহাস ও জার্সির মর্যাদা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে তারা।

এদিকে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ব্রাজিল। দল নির্বাচন নিয়ে সমালোচনা থাকলেও কোচের কৌশলের প্রশংসা করেছেন ভিনিসিউস। তিনি বলেন, কোচ দলের ওপর থেকে চাপ কমিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছেন।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই তারকা। ৪৩ ম্যাচে করেছেন ১৭ গোল, সঙ্গে আছে ৮টি সহায়তা। তবে জাতীয় দলে সেই পারফরম্যান্স ধরে রাখতে না পারার আক্ষেপ রয়েছে তার। আসন্ন বিশ্বকাপে নিজেকে নতুনভাবে প্রমাণ করতে চান তিনি।

বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১৮ মে ঘোষণা করা হবে চূড়ান্ত দল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights