বিশ্বকাপ চলাকালে ধর্মঘটের হুমকি লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম কর্মীদের

২০২৬ ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অভিবাসন দপ্তর আইস (আইস) মোতায়েন করা হলে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন স্টেডিয়ামের কর্মীরা।

স্থানীয় শ্রমিক ইউনিয়ন ইউনাইট হিয়ার লোকাল ১১’র প্রতিনিধিত্বকারী প্রায় দুই হাজার অভিবাসী কর্মী সোমবার এই দাবি জানান। তাদের দাবি বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামে যেন আইস ব্যবহার না করা হয় এ বিষয়ে ফেডারেল সরকারের নিশ্চয়তা দিতে হবে।

বিশ্বকাপ চলাকালে “লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম” নামে পরিচিত এই ভেন্যুতে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২ জুন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচও রয়েছে।

কর্মীদের অভিযোগ, আইসের উপস্থিতি কর্মী ও দর্শকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করবে। স্টেডিয়ামের রাঁধুনি আইজ্যাক মার্টিনেজ এক বিক্ষোভে বলেন, “এই খেলাগুলোতে আইসের কোনো ভূমিকা থাকা উচিত নয়। আমরা কাজে আসতে বা বাসায় ফিরতে ভয় নিয়ে বাঁচতে চাই না।”

তিনি আরও বলেন, সমঝোতা না হলে তিনি ও তার সহকর্মীরা ধর্মঘটে যেতে প্রস্তুত।

এদিকে বিশ্বকাপের জন্য ফিফার অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কর্মীরা। তাদের আশঙ্কা, কর্মীদের ব্যক্তিগত তথ্য আইস বা অন্য গোয়েন্দা সংস্থার সঙ্গে ভাগ করা হতে পারে।

বিক্ষোভকারীরা “কিক আইস আউট অব দ্যা ওয়াল্ড কাপ’’ লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন। এতে সমর্থন জানান ক্যালিফোর্নিয়ার গভর্নর পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা টম স্টেয়ারও।

তিনি বলেন, “আইসের কাজ সীমান্ত নিয়ন্ত্রণ। বিশ্বকাপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights