বিশ্বকাপ জয়ের পর স্পেনের ফুটবলারদের হাতে কেন ছিল ভিন্ন ভিন্ন পতাকা

অনলাইন ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। তবে ট্রফি জয়ের আনন্দের পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরেকটি বিষয় সবার নজর কাড়ে। বেশিরভাগ স্প্যানিশ ফুটবলারের হাতে ছিল না জাতীয় পতাকা। বরং তারা উদযাপন করেছেন নিজ নিজ অঞ্চলের পতাকা নিয়ে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, বিশ্বকাপ জয়ের উদযাপনে স্পেনের খেলোয়াড়রা নিজেদের জন্মস্থান বা স্বায়ত্তশাসিত অঞ্চলের পতাকা বহন করেন। এর মাধ্যমে তারা নিজ নিজ এলাকার ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের প্রতি সম্মান জানান।

মিডফিল্ডার পেদ্রির হাতে ছিল কানারি দ্বীপপুঞ্জের পতাকা। ম্যাচের একমাত্র গোলদাতা ফেরান তোরেস উদযাপন করেন ভ্যালেন্সিয়া অঞ্চলের পতাকা নিয়ে। বোর্হা ইগলেসিয়াসের হাতে ছিল গালিসিয়ার পতাকা। ডানি ওলমো ও অ্যালেক্স বায়েনা যথাক্রমে তেরাসা এবং রোকেতাস দে মার এলাকার পতাকা নিয়ে ট্রফি উৎসবে অংশ নেন।

এই ব্যতিক্রমী উদযাপনের পেছনে রয়েছে স্পেনের দীর্ঘ রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে একাধিক স্বাধীন রাজ্য একত্রিত হয়ে বর্তমান স্পেন রাষ্ট্র গঠিত হয়। ফলে একই দেশের অংশ হলেও বিভিন্ন অঞ্চলের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয় আজও শক্তিশালী।

১৯৭৮ সালে নতুন সংবিধান কার্যকর হওয়ার পর স্পেনকে ১৭টি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং দুটি স্বায়ত্তশাসিত শহরে ভাগ করা হয়। প্রতিটি অঞ্চলের নিজস্ব সরকার, প্রশাসনিক কাঠামো এবং আলাদা পতাকা রয়েছে। সে কারণেই আন্তর্জাতিক আসরে শিরোপা জয়ের মতো বিশেষ মুহূর্তে অনেক স্প্যানিশ ফুটবলার জাতীয় পতাকার পাশাপাশি নিজেদের আঞ্চলিক পরিচয়ও তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights