‘বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনায় ফেরাতে সবকিছু উজাড় করে দেব’

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। মেটলাইফ স্টেডিয়ামে বেদনাদায়ক হারের পর আর্জেন্টিনা শিবিরে নেমে এসেছে হতাশা। তবে সেই হতাশার মাঝেও ভবিষ্যতের জন্য নতুন আশার কথা শুনিয়েছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ।

ফাইনালে নিজের জন্মভূমি স্পেনের বিপক্ষে মাঠে নেমেছিলেন আর্জেন্টিনার এই তরুণ ফুটবলার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ট্রফি জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে পাজ লিখেছেন, ‘আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্ব হচ্ছে এই দেশ ও এই দলের প্রতিনিধিত্ব করতে পেরে। আমি এমন একটি দলের অংশ, যারা এই জার্সির জন্য সবকিছু দিতে প্রস্তুত।’

আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনার জন্য আমার যা কিছু আছে, তার সবটুকু উজাড় করে দেব।’

একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকেও অভিনন্দন জানিয়েছেন পাজ। তিনি স্পেন ও দেশটির মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার বার্তা দেন।

নিকো পাজের জন্ম ২০০৪ সালে স্পেনের তেনেরিফেতে। কিন্তু তাঁর শিকড় আর্জেন্টিনায়। বাবা পাবলো পাজ ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন। বাবার কাছ থেকেই ছোটবেলা থেকে আর্জেন্টাইন ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে তাঁর।

স্পেনে জন্ম ও বেড়ে ওঠা হলেও জাতীয় দল হিসেবে আর্জেন্টিনাকেই বেছে নেন পাজ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই বাবা তাঁকে আর্জেন্টিনার জার্সি কিনে দিতেন এবং দূর থেকে দেশের ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি করেছিলেন।

স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নেমে ইতিহাসও গড়েছেন নিকো পাজ। বিশ্বকাপের ফাইনালে নিজের জন্মভূমির বিপক্ষে খেলা প্রথম ফুটবলার হিসেবে কীর্তি গড়েছেন তিনি।

২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলেছেন এই তরুণ মিডফিল্ডার। যদিও এবার আর্জেন্টিনার হাতে ট্রফি ওঠেনি, তবে পাজের চোখ এখন ভবিষ্যতের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights