‘বিশ্বকাপ দলে নেইমারের থাকাটা পারফরমেন্সের ওপর নির্ভর করবে’

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলা এই তারকা শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেটি নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রশ্নের জবাবটা দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমার এখন আর অটো চয়েস নন।

বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে কোন খেলোয়াড়ের নাম বা সুনামের চেয়ে ফর্মই গুরুত্ব পাবে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানালেন, নেইমার দলে থাকবেন কি না, তা নির্ভর করবে তার পারফরমেন্সের ওপর।

আনচেলত্তি বলেন, ‘যদি আমরা নেইমারের কথা বলি, তাহলে অন্য খেলোয়াড়দের কথাও বলতে হবে। ব্রাজিল হতে পারে নেইমারকে নিয়ে কিংবা নেইমারকে বাদ দিয়েও। আমরা চূড়ান্ত দল দেব মার্চের ফিফা সূচির পর।’

তিনি আরও বলেন, এখনই নেইমারকে কেন্দ্র করে আলোচনা শুরু করার সময় নয়। বিশ্বকাপ হবে জুনে। তিনি দল ঠিক করবেন মে মাসে। তার ভাষায়, ‘আমি পরিষ্কার করে বলতে চাই আমরা এখন ডিসেম্বর মাসে আছি। বিশ্বকাপ হবে জুনে। আমি দল ঠিক করব মে মাসে। যদি নেইমার দলে থাকার যোগ্যতা দেখাতে পারে, যদি সে ভালো থাকে এবং অন্যদের চেয়ে ভালো হয়, তাহলে সে খেলবে। এখানে আমার কারও প্রতি কোনো দেনা নেই।’

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights