বিশ্বকাপ ফাইনাল : পরিসংখ্যানে এগিয়ে কে— স্পেন নাকি আর্জেন্টিনা? ফাইল ছবি
অনলাইন ডেস্ক
ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচের অপেক্ষা শেষ হচ্ছে আজ। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহারণ।
একদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে আকাশি-সাদা জার্সিধারী আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিতে চায় স্পেন। তবে ম্যাচের আগে ফল জানা সম্ভব না হলেও দুই দলের সাম্প্রতিক অবস্থা ও অতীত পরিসংখ্যান কিছুটা ধারণা দিতে পারে।
শক্তিমত্তার বিচারে দুই দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য। ১১ জুন প্রকাশিত ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ঠিক তাদের পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্পেন। সর্বশেষ লাইভ র্যাঙ্কিংয়েও এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বলছে দুই দল প্রায় সমানে সমান। এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। এর মধ্যে ছয়টি করে ম্যাচ জিতেছে দুই দলই, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
সাম্প্রতিক দুই দেখার একটি ছিল ২০১০ সালে, যেখানে আর্জেন্টিনা ৪-১ গোলে স্পেনকে হারিয়েছিল। তবে ২০১৮ সালে সেই হিসাব উল্টে দিয়ে স্পেন ৬-১ গোলের বড় জয় তুলে নেয় আর্জেন্টিনার বিপক্ষে।
এদিকে, এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার পথে তারা আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডকে হারিয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে মেসির দল।
অন্যদিকে স্পেন বিশ্বকাপ অভিযান শুরু করেছিল কেপ ভার্দের বিপক্ষে ড্র দিয়ে। এরপর সৌদি আরব, উরুগুয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় স্প্যানিশরা।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে দুই দলের শক্তির পার্থক্য খুবই কম। তাই মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে শেষ পর্যন্ত কোন দল ইতিহাস গড়ে, সেটিই এখন দেখার অপেক্ষা।
