বিশ্বকাপ রাঙিয়ে ফের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে মুনি

অনলাইন ডেস্ক
সেমিফাইনালে ঝড়ো ইনিংস, ফাইনালে ম্যাচজয়ী ব্যাটিং। সেই সঙ্গে ফাইনালের সেরা খেলোয়াড় এবং পুরো আসরের সেরা খেলোয়াড়—দুই পুরস্কারই নিজের করে নিয়েছেন বেথ মুনি।

উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় তার জন্য সপ্তাহটি হয়ে উঠেছে আরও স্মরণীয়। এই অসাধারণ নৈপুণ্যের পুরস্কার হিসেবে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ওপেনার।

এই নিয়ে পঞ্চমবার ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হলেন মুনি। তার চেয়ে বেশি সময় শীর্ষে ছিলেন কেবল একজনই। তার দেশেরই কিংবদন্তি কারেন রোল্টন চার বছরের বেশি সময় ছিলেন সবার ওপরে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন মুনি। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৪৯ বলে ৬৪। অস্ট্রেলিয়ার রেকর্ড সপ্তম শিরোপা জয়ের পথে তিনি ৪৭.৬০ গড় ও ১৪২.৫১ স্ট্রাইক রেটে করেন ২৩৮ রান। এই পারফরম্যান্সেই শীর্ষস্থান ফিরে পেয়েছেন ৩২ বছর বয়সী ব্যাটার। তার উদ্বোধনী জুটির সঙ্গী জর্জিয়া ভল নেমে গেছেন দুইয়ে।

দুই থেকে তিনে নেমেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভুলভার্ট। শীর্ষ দশে আর পরিবর্তন নেই। তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন ভুলভার্টের স্বদেশি ট্যাজমিন ব্রিটস।

বাংলাদেশের সেরা নিগার সুলতানা এক ধাপ নেমে এখন আছেন বিশে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি। তিন থেকেই দুইয়ে উঠেছেন আরেক বাঁহাতি স্পিনার ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। দুই থেকে তিনে নেমেছেন তার সতীর্থ চার্লি ডিন।

দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ চার ধাপ এগিয়ে উঠেছেন দশে। বাংলাদেশের সেরা রাবেয়া খান আগের মতোই আছেন ১৭ নম্বরে। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই পরিবর্তন। যথারীতি এক নম্বরে অ্যামেলিয়া কার, দুইয়ে চামারি আতাপাত্তু। এখানে বাংলাদেশের সেরা রাবেয়া আছেন ৩০তম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights