বিশ্বকাপ শেষ ফরাসি স্ট্রাইকারের

স্পোর্টস ডেস্ক

লিভারপুলের ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।

লা পারিসিয়ান ও লেকিপে’র বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় ২৩ বছর বয়সী এই ফুটবলারকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, সুস্থ হতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে।

মঙ্গলবার পিএসজি’র বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ২৭তম মিনিটে সতীর্থের পাস ধরতে দৌড়ানোর সময় হঠাৎ মাঠে পড়ে যান একিতিকে। সঙ্গে সঙ্গে লিভারপুলের মেডিকেল টিম তাকে চিকিৎসা দেয়। পরে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনে আঘাতের আশঙ্কায় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত ওই ম্যাচে লিভারপুল ২-০ গোলে হেরে যায়। প্রথম লেগেও একই ব্যবধানে হেরে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠে যায় পিএসজি।

ম্যাচ শেষে লিভারপুল কোচ বলেন, ‘খুবই বাজে মনে হয়েছে। তবে কতটা গুরুতর সেটা এখন বলতে পারছি না।’

এখনও পর্যন্ত লিভারপুল বা ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) আনুষ্ঠানিকভাবে চোটের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ পুনর্বাসনের কারণে আসন্ন বিশ্বকাপে তার খেলা প্রায় অসম্ভব।

চলতি মৌসুমের শুরুতে ৬ কোটি ৯০ লাখ পাউন্ডে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেন একিতিকে। এখন পর্যন্ত তিনি ক্লাবটির হয়ে ৪৫ ম্যাচে ১৭ গোল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights