বিশ্বকাপ শেষ হলেও পচেত্তিনোর ওপর ভরসা রাখছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

চলতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শেষ ষোলো পর্যন্ত নিয়ে গেলেও বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় মরিসিও পচেত্তিনোর দল। টুর্নামেন্ট শেষেই তার বিদায় প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সেই চিত্র এখন বদলে গেছে।

দ্য সান ও ইএসপিএনর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন (ইউএস সকার) পচেত্তিনোকে ধরে রাখতে চায় এবং ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে দেখতে আগ্রহী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ইতোমধ্যেই প্রাথমিক চুক্তি আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

বিশ্বকাপ চলাকালীন সময়ে পচেত্তিনোর নাম এসি মিলান, রিয়াল মাদ্রিদ ও নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে জোরালোভাবে জড়িয়েছিল। তবে এসি মিলান নতুন কোচ হিসেবে রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে, আর রিয়াল মাদ্রিদ দায়িত্ব দিয়েছে জোসে মরিনহোকে। নিউক্যাসলে এডি হাওয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হলে পচেত্তিনো এখনও সম্ভাব্য প্রার্থীদের একজন।

এছাড়া জার্মানি ও পর্তুগালের জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনাও রয়েছে তার সামনে। জুলিয়ান নাগেলসমানের উত্তরসূরি খুঁজছে জার্মানি।

সৌদি আরবের ক্লাব ফুটবল থেকেও বড় অঙ্কের প্রস্তাব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল হিলালে যোগ দিয়ে বছরে ২ কোটি ২৪ লাখ ডলার বেতন পাচ্ছেন সিমোনে ইনজাগি। তুলনায় যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হিসেবে পচেত্তিনোর বার্ষিক আয় প্রায় ৬০ লাখ ডলার।

তবে আপাতত নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পচেত্তিনো। কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেই বৈঠকেই তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্বকাপ চলাকালীন যে বিদায় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, এখন সেটিই নতুন চুক্তিতে রূপ নিতে পারে। ফলে সাবেক টটেনহ্যাম, পিএসজি ও চেলসি কোচের পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights