বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা কমলার

অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার রাতে শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে এই মনোনয়ন গ্রহণের সময় তিনি বলেছেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’

ভাষণে কমলা হ্যারিস গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এখন জিম্মিদের ফেরানোর চুক্তি ও একটি যুদ্ধবিরতি চুক্তি করার সময় এসেছে। একইসঙ্গে তিনি বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন।

কমলা তার মনোনয়ন গ্রহণের ভাষণে বলেন, আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। তিনি জানান, দেশের উন্নতি কোনো নির্দিষ্ট দল বা উপদলের সদস্য হিসেবে নয়, বরং আমেরিকান হিসেবে সম্ভব হবে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে ‘অবিবেচক মানুষ’ হিসেবে বর্ণনা করে কমলা বলেন, ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানোটা জরুরি এবং অপরিহার্য। তিনি উল্লেখ করেন, ট্রাম্প মার্কিন ভোটারদের রায় ছুড়ে ফেলার চেষ্টা করেছিলেন এবং ব্যর্থ হলে একটি সশস্ত্র জনতাকে ক্যাপিটলে পাঠিয়ে আইনপ্রয়োগকারীদের ওপর হামলা চালান।

ইসরায়েল প্রসঙ্গে কমলা বলেন, আমি সব সময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে রক্ষা করবো। তবে গাজা যুদ্ধ নিয়ে তিনি আরও বলেন, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলা নিন্দনীয়, কিন্তু গত ১০ মাস ধরে গাজায় যা ঘটেছে, তা ধ্বংসাত্মক।

কমলা তার ভাষণে ইউক্রেন প্রসঙ্গও উল্লেখ করেন এবং জানান, তিনি ইউক্রেন ও ন্যাটো মিত্রদের পাশে দৃঢ়ভাবে থাকবেন। তিনি আরও বলেন, গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যকার স্থায়ী সংগ্রামে, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার। মার্কিন ভোটারদের আশাবাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights