বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। সংঘাত নিরসনে আলোচনায় অগ্রগতি না থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১২টা ৫১ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিট) জুনে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে দাঁড়ায়। এর আগের সেশনে এই সূচক ২.৮ শতাংশ বৃদ্ধি পায়, যা টানা সপ্তম দিনের মতো ঊর্ধ্বগতির ধারাবাহিকতা।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৯৬ ডলারে পৌঁছেছে। আগের ট্রেডিং সেশনে ডব্লিউটিআইয়ের দাম ২.১ শতাংশ বেড়েছিল।

এদিকে, ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও স্পষ্ট হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, তারা গণমাধ্যমের মাধ্যমে কোনো ধরনের আলোচনা চালাতে আগ্রহী নয়।

সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মাধ্যমে কোনো দরকষাকষি করবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পরিষ্কার—যুক্তরাষ্ট্র এই আলোচনায় নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং আমেরিকান জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করেই ওয়াশিংটন কোনো চুক্তিতে পৌঁছাবে।

সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights