বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারও ষাটগুম্বুজ মসজিদে ৩টি জামাতে প্রায় অর্ধলাখ দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজ সোমবার সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শেখ।

ষাটগুম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রথম জামাতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন। সকাল ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ও সাড়ে ৮টায় তৃতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ষাটগুম্বুজ মসজিদে।

হযরত খানজাহানের (রহ:) অমর সৃষ্টি ৬৫০ বছরের পূর্বে নির্মিত ষাটগুম্বুজ মসজিদে এবারের তিনটি ঈদের জামাতে মসজিদের ভিতর ছাড়াও বাইরের দুটি প্যান্ডেলে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি-অগ্রগতি কামানা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অন্যের সাথে কোলাকুলি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights