বিশ্ব ভোক্তা অধিকার দিবসে গাইবান্ধায় আলোচনা সভা

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন পর্যায়ের ভোক্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‘একটি টেকসই জীবনধারায় ন্যায়সঙ্গত রূপান্তর’ এই স্লোগানে আজ শনিবার (১৫ মার্চ) বেলা ১১ টার দিকে শহরের শনিমন্দির রোডের দৈনিক মাধুকর কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), গাইবান্ধা জেলা শাখা এ সভার আয়োজন করে।

জেলা ভোক্তা কমিটির সদস্য আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ। ক্যাবের জেলা সভাপতি কে এম রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সদস্য সচিব আব্দুল মান্নান চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বক্তারা বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকারের পাশাপাশি সমাজের সচেতন মহলসহ সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তাছাড়া গণমাধ্যমকর্মীদেরও সজাগ দৃষ্টি রেখে সঠিক তথ্য উপাত্ত উপস্থাপন করে প্রচার-প্রকাশের মাধ্যমে জনগণ ও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারিতে আনতে হবে, তাহলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথ পালনের সুযোগ সৃষ্টি হবে। এক কথায় সবার সম্মিলিত প্রচেষ্টায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন উপস্থিত সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights