বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

আজ দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়, তামিম অবশ্য এদিন সকাল সাড়ে ১০টাতেই বিসিবিতে আসেন। যদিও প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে তামিম নিজে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। একসময় বোর্ডে থেকে ক্রিকেট অপারেশনে কাজ করার প্রবল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights