বিসিসিআইয়ের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ, ধারাভাষ্য ছাড়লেন শিবরামকৃষ্ণান

অনলাইন ডেস্ক

বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ধারাভাষ্যকারের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

২০০০ সাল থেকে ধারাভাষ্যকার হিসেবে কাজ করে আসা শিবরামকৃষ্ণান অভিযোগ করেন, দীর্ঘ ২৩ বছর ধরে তাকে প্রাপ্য সুযোগ দেওয়া হয়নি। বিশেষ করে ম্যাচের টস বা প্রেজেন্টেশন অনুষ্ঠানে তাকে কখনও দায়িত্ব দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

নিজের পোস্টে তিনি প্রশ্ন তোলেন, নতুন ধারাভাষ্যকাররা নিয়মিত টস, পিচ রিপোর্ট কিংবা প্রেজেন্টেশন পরিচালনার সুযোগ পেলেও কেন তাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এর পেছনে কী কারণ থাকতে পারে—সে প্রশ্নও ছুড়ে দেন তিনি।

পরবর্তীতে এক ভক্তের জবাবে শিবরামকৃষ্ণান ইঙ্গিত দেন, এই বঞ্চনার পেছনে বর্ণবৈষম্যই দায়ী হতে পারে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। একদল তার অভিযোগের পক্ষে অবস্থান নিলেও অন্যরা বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

এদিকে তার এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ভারতের আরেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ওহ না! এই আইপিএলে কেন নয়?’

১৯৮০-এর দশকে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি পাওয়া শিবরামকৃষ্ণান ৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। পরের বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি এবং ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার নিয়ন্ত্রিত বোলিং দলকে জয়ের পথ দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights