বিসিসিতে পরিচ্ছন্নতা কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদ ও সরকার নির্ধারিত বেতন দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ রবিবার বেলা ১১টায় বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নসহ হরিজন ব্যানারে নগর ভবনের সামনে এ কর্মসূচির পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার, পরিচ্ছন্নতা কর্মী সোহেল আকন ও মিনু বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়ে মৌখিক নির্দেশে গত ১ জানুয়ারি দৈনিক মজুরীভিত্তিক ১৬০ শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা হয়েছে। যা সম্পূর্ণ অন্যায় ও বে-আইনি। একদিকে দ্রব্যর্মূল্যের উর্ধ্বগতি, অন্যদিকে ষাটোর্ধ্ব শ্রমিকদের সামাজিক কোন নিরাপত্তা না দিয়ে হঠাৎ করে চাকরি থেকে বাদ দেয়ায় তাদের পরিবার অবর্ণনীয় দুর্দশা ও অপূরণীয় ক্ষতির শিকার হতে হচ্ছে। তাই আমরা এই অন্যায় সিদ্ধান্ত মেনে নিতে পারি না।’

বক্তারা বলেন, চাকুরিতে বহাল করা এবং দ্রব্যমূল্যসহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১ নভেম্বর থেকে বর্ধিত বেতন দেয়ার দাবিতে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। তবে নগর ভবন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোন ভ্রুক্ষেপ করছে না। এ অবস্থায় কর্মবিরতিতে যাওয়া ছাড়া কোন উপায় নেই আমাদের। এদিকে এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব অর্নব মুবিন, এস এম ওয়াহিদুর রহমান, সুমাইয়া জাহান সিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য শেষে তাদের একটি প্রতিনিধি দল ও শ্রমিক নেতাদের নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাত করেন এবং শ্রমিকদের দাবির বিষয়টি তুলে ধরেন।

সেখান থেকে বের হয়ে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার জানান, প্রধান নির্বাহী কর্মকর্তা এ চারটি দাবির মধ্যে তিনটি তাৎক্ষণিক মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ১৬০ শ্রমিকের কাজে বহালের বিষয়ে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আর এ আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মবিরতিতে যাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights