বিসিসি’র ৯ কাউন্সিলরসহ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী জেলে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ ৩টি মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক ৯ কাউন্সিলর ও আওয়ামী লীগের আরও ১২ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছেন আদালত।

উচ্চ আদালতের দেয়া জামিন শেষে মঙ্গলবার বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে পুনরায় জামিন প্রার্থনা করেন তারা। পরে মুখ্য মহানগর হাকিম মো. আশরাফ উদ্দিন তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

এ তথ্য জানিয়েছেন আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই এনামুল হক জানিয়েছেন।
তিনি জানান, মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানায় করা পৃথক তিন মামলার আসামি হিসেবে বরিশাল নগরীর ১০ কাউন্সিলর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী আদালতে হাজির হয়। আদালত সকলের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর মধ্যে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামজিদুল কবির বাবু অসুস্থ হওয়ায় তাকে পরে জামিন দিয়েছেন।

কারাগারে যাওয়া সাবেক কাউন্সিলর হলেন নগরীর ১ নম্বর ওয়ার্ডের আউয়াল মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ শামসুদ্দোহা আবিদ, ৫ নম্বর ওয়ার্ডের কেফায়েত হোসেন রনি, ৬ নম্বর ওয়ার্ডের খান মোহাম্মদ জামাল হোসাইন, ১০ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন, ১২ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন রয়েল, ১৮ নম্বর ওয়ার্ডের জিয়াউল হাসান মাসুম, ২৪ নম্বর ওয়ার্ডের আনিচ শরীফ ও ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির।

জিআরও এনামুল জানান, মহানগর বিএনপির দলীয় কার্যালয় হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় করা মামলার আসামি হিসেবে সকলে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পেয়েছিলেন। পুনরায় জামিন নিতে উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়েছিলেন তারা।

জেলে যাওয়া অপর আসামিরা হলেন হুমায়ন কবির হাওলাদার, আবুল মীরা, জাহাঙ্গীর হাওলাদার, হাসান চৌধুরী, জাফর চৌধুরী, ইমরান হোসেন মিন্টু, ফিরোজ মজুমদার, উজ্জল, কামরুজ্জামান, সাইফুল, অপি ও আমির আলী।

বাদী পক্ষের আইনজীবীরা হাফিজ আহমেদ বাবলু জানান, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলাসহ ৩টি মামলায় মোট ২২ জন আসামি আদালত হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক আইনজীবীর বক্তব্য শুনে আসামিদের জেল হাজতে প্রেরণ করেন। তবে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেয়ায় আসামিদের রিমান্ড চায়নি পুলিশ।

বিবাদী আইনজীবী আফজালুল করিম জানান, তারা এ নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights