বিস্ফোরণে কাঁপল ইরানের বন্দর আব্বাস, কারণ কি?
অনলাইন ডেস্ক
ইরানের উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির হরমুজগান প্রদেশের এই বন্দর নগরীর মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় একটি আটতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শক্তিশালী এই বিস্ফোরণে ভবনটির দুটি তলা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং আশেপাশে থাকা বেশ কিছু যানবাহন ও দোকানপাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মেহরদাদ হাসানজাদেহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় ভবনটির সামনের অংশ ধসে পড়েছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে।
এই বিস্ফোরণের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরি মোতায়েনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে এই ঘটনার সঙ্গে কোনো সামরিক সংশ্লিষ্টতার গুজব নাকচ করে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা স্পষ্ট করেছে, তাদের কোনো নৌ-স্থাপনা বা ভবন এই বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিল না। অন্যদিকে, একই দিনে ইরানের খুজেস্তান প্রদেশের আহভাজ শহরে একটি পৃথক গ্যাস বিস্ফোরণে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: আল আরাবিয়া
