বীমা দাবির ৪১ লাখ টাকা পরিশোধ করলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

অসুস্থতা ও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণকারী চার বীমা গ্রাহকের মৃত্যু বীমা দাবি বাবদ ৩১ লাখ টাকা এবং দুই বীমা গ্রাহকের ‘ক্রিটিক্যাল ইলনেস’ বীমা দাবি বাবদ ১০ লাখসহ মোট ৪১ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করলো আস্থা লাইফ ইনস্যুরেন্স।

রবিবার রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চেক হস্তান্তর করা হয়।

বীমা গ্রাহকদের মধ্যে একজন একক বীমার আওতায় এবং অন্যান্যরা ট্রাস্ট ব্যাংক লি., দি প্যালেস লাক্সারি রিসোর্ট এবং যমুনা সিকিউরিটি সার্ভিসেসের গ্রুপ বীমার আওতায় সুরক্ষিত ছিলেন।
অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী প্রধান অতিথি এবং সদস্য (লাইফ) কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ার শফিক।

সংশ্লিষ্ট পলিসির মনোনীতকগণ ও স্ব স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছ থেকে চেক গ্রহণ করেন। তারা আশা প্রকাশ করেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে এ ধরনের উদ্যোগ বীমা খাতকে স্বচ্ছ ও সুশৃঙ্খল করে বীমার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।

আস্থা লাইফের সার্বিক ব্যবস্থাপনায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য, লাইফ সন্তোষ প্রকাশ করে প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights