বীরভূমের তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৬

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে তারাপীঠ থানার পাশে ওই হোটেলে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে হোটেলের ভেতরে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হয়। উদ্ধার অভিযান শেষে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হোটেলের ফাইবারের তৈরি ইন্টেরিয়রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহুতল ভবনটির একটি তলায় থাকা হোটেলের রিসেপশন থেকে আগুনের সূত্রপাত হয়। হোটেলের কর্মীরা প্রথমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) সুইচে আগুনের ঝলকানি দেখতে পান। তাদের অভিযোগ, আগুন লাগার পরও হোটেলের ফায়ার অ্যালার্ম বেজে ওঠেনি।

আগুন ছড়িয়ে পড়ার পর হোটেলজুড়ে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। প্রাণ বাঁচাতে অনেকে ব্যালকনি দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কেউ কেউ পাশের গাছ বেয়ে নিচে নামারও চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

এদিকে শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে এ সময় তারাপীঠে বিপুলসংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ছাড়াও ভারতের অন্যান্য রাজ্য থেকেও বহু পুণ্যার্থী সেখানে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights