বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫২তম শাহাদাত বার্ষিকী আজ

নোয়াখালী প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫২তম শাহাদাত বার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে বিজয় চূড়ান্ত হওয়ার মাত্র ৬ দিন আগে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর আজকের এই দিনে খুলনার রূপসায় সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি।

রবিবার শহীদ রুহুল আমিনের নোয়াখালী সোনাইমুড়ি গ্রামের বাড়িতে বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন স্মৃতি জাদুঘর এবং জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য যে সাতজন বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হয়েছিলেন, তাদের মধ্যে একজন রুহুল আমিন। নােয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাগপাঁচড়া (বর্তমানে শহীদ রুহুল আমিন নগর) গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। মাতা জুলেখা খাতুন ও পিতা মোহাম্মদ আজাহার পাটোয়ারি। ৩ ভাই ও ৪ বোন নিয়ে ছিলো তাদের সংসার।
মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে যুদ্ধরত রুহুল আমিন ছিলেন নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ ‘পলাশ’র প্রধান ইঞ্জিনরুমে আর্টিফিসার।

বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র ছয় দিন আগে ডিসেম্বর মাসের ১০ তারিখে খুলনা শীপইয়ার্ডের কাছে অধিনায়কের জাহাজ ত্যাগের নির্দেশ অমান্য করে রূপসা নদীতে বাংলাদেশের যুদ্ধজাহাজ পলাশকে রক্ষা করতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর নিক্ষিপ্ত গোলায় তিনি শহীদ হন। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও মহান আত্মত্যাগের জন্য তাকে স্বীকৃতি স্বরূপ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights