বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, চূড়ান্ত ফল ২৬ জুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বুয়েট ক্যাম্পাসে দুই শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম শিফটে সকাল ১০টা হতে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হবে আগামী ২৬ জুন।

এর আগে, গত ২০ মে দুই ধাপের ভর্তি পরীক্ষার বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত ১৮ হাজার ২২৫ জন শিক্ষার্থী অংশ নেন। প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের ১ম থেকে ৩০০০তম পর্যন্ত দুই শিফটে (মডিউল-এ এবং মডিউল-বি) মোট ৬ হাজার ২২ জন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। শনিবার এসব শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশ নেন।
এ সংক্রান্ত বুয়েটের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতিতে মূল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। অধিকাংশ হলেই ৯৯ শতাংশেরও বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিল।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার মাধ্যমে কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদগুলোর অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি (কোনো বিভাগে ১টি আসনের বেশি নয়) ও স্থাপত্য বিভাগের জন্য ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights