বুলগেরিয়ার রাজধানীর কাছে পরিত্যক্ত ট্রাকে মিলল ১৮ মরদেহ

অনলাইন ডেস্ক

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে কমপক্ষে ১৮ জনের মরদেহ এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এসব উদ্ধারকৃতদের নাগরিকত্ব জানানো হয়নি।

বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, পরিত্যক্ত ওই ট্রাকে থাকা ব্যক্তিরা ঠাণ্ডা, আদ্র অবস্থায় ছিল এবং তারা কয়েকদিন ধরে কিছুই খায়নি।

তুরস্ক, আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্য থেকে বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করে। এ কাজে তারা রুট হিসেবে বুলগেরিয়াকে ব্যবহার করে। দীর্ঘদিন ধরে বুলগেরিয়া বিপুল সংখ্যক লোককে ঠেকাতে কার্যত লড়াই করছে।
আল জাজিরা বলছে, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল (২০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত লোকরস্কো গ্রামের কাছে পরিত্যক্ত ওই ট্রাকটি খুঁজে পাওয়া যায়। এই ট্রাকটি কাঠের নিচে লুকিয়ে থাকা অভিবাসীদের অবৈধভাবে পরিবহন করছিল। ট্রাকের চালক পলাতক ছিল।

বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আসান মেদঝিদিভ ট্রাকের ভেতরের অবস্থা বর্ণনা করে বলেন, ট্রাকে তালাবদ্ধ অবস্থায় থাকা ব্যক্তিরা অক্সিজেনের সংকটে ছিল। ঠান্ডায় তারা জমে ছিল, ভেজা অবস্থায় ছিল, তারা বেশ কয়েক দিন ধরে খায়নি।

ট্রাকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায় ৩৪ জনকে যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর এবং পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া আরও ১০ জনকে আশপাশে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া গেছে এবং পরীক্ষার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান আসান মেদঝিদিভ।

পুলিশ মানব পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights