বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বশির মোহাম্মদ সিকদার পাড়ার ফাতেমা বেগম নামে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাতেমা বেগম ওই এলাকার মৃত সোনা মিয়ার স্ত্রী ও ৮ সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা বেগম নামের ওই বৃদ্ধা গত মঙ্গলবার রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর কোনও এক সময় লোহার অ্যাঙ্গেলের সঙ্গে শাড়ি প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এর আগেও ওই বৃদ্ধা একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
